
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০), মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় অজ্ঞাত এক কিশোর।
স্থানীয়দের দাবি, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়। একই এলাকা থেকে অতীতেও একাধিক জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষ্য, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।